সীমান্তে গুলি বন্ধে উভয় দেশকে ভূমিকা রাখতে হবে- ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এইচ ই মি. পঙ্কজ স্যারণ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে
সীমান্তে গুলি বন্ধ ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় দেশকে সমান ভূমিকা রাখতে হবে। রোববার বিকেলে যশোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন, “অনলাইন সিস্টেম চালুর মাধ্যমে ভারতীয় ভিসা প্রসেসিং ইতোমধ্যে সহজ করা হয়েছে। ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ক্ষেত্রে ভারতীয় ভিসা পেতে আরও সহজ উদ্যোগ নেওয়া হবে।” বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, “দুই দেশের স্থলবন্দরে অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ করার উদ্যোগ নিতে হবে।” যশোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বিজনেস) পি. শ্যামা, যশোর চেম্বারের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলু, সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাবেক সহসভাপতি জাহিদ হাসান টুকুন, চিন্ময় সাহা, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের উপকমিটির সভাপতি মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে ভারতীয় হাইকমিশনার এইচ ই মি. পঙ্কজ স্যারণ বেনাপোল ও ভারতীয় অংশের পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন। সড়কপথে তিনি ভারত থেকে বেনাপোলে এসে পৌঁছান।


